সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ দয়াল বাহিনীর সদস্য আটক
আপডেট: ১১ মার্চ ২০২৬ ৩:২৬ এএম
সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম আব্দুল হালিম (৩৬)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে দয়াল বাহিনীর সদস্য এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহকারী আব্দুল হালিমকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে দাকোপ থানাধীন টাকাতোলা খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আব্দুল হালিম দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
আটক ব্যক্তি ও জব্দ করা আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এআরএস

আপনার মূল্যবান মতামত দিন: