গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা ওই গেজেটে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার একই আইনের ধারা ১৩৯ এ নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে নিম্নলিখিত ব্যক্তিদের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ করল।
গেজেটে বিজিএমইএ’র পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়াও গেজেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে নিম্নতম মজুরি বোর্ডের মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানসহ ৬ সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ থেকেই এ বোর্ড কার্যকর হচ্ছে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: