কুয়েতে বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ও কারণ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ ১৭:০৩ পিএম

কুয়েতে বিধ্বস্ত যুদ্ধবিমানের সংখ্যা ও কারণ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র

কুয়েতে একাধিক যুদ্ধবিমান নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের হামলায় নয়, বরং কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই তিনটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

মার্কিন দাবি অনুযায়ী, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলোকে গুলি করে ভূপাতিত করে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী গুলি করলে সেগুলো ভূপাতিত হয়। তবে তিনটি বিমানে থাকা ছয়জন বৈমানিক নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।’

ভুলের বিষয়টি কুয়েত স্বীকার করেছে জানিয়ে সেন্টকমের বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘কুয়েত এই ঘটনার বিষয়টি স্বীকার করেছে। চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।’

ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছে সেন্টকম। এর আগে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী সোমবার (২ মার্চ) ভোরে জানান, দেশটির আকাশসীমায় ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। 

এদিকে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন।

যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তাদের পাল্টা আঘাতে অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত ও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইসরায়েলেও বহু ভবন ধ্বংস হয়েছে। বেইত শেমেশে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর