যে আলোচনা হলো মোদি-পুতিনের বৈঠকে
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন শুরুর আগেই দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার এই বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে দুই নেতার।
১৮ তম ব্রিকস সম্মেলন ঘিরে সাজ সাজ রব নয়াদিল্লির ভারত মণ্ডপমে। এই সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্য দেশ এবং ১০টি অংশীদার দেশের পাশাপাশি আরো একাধিক আমন্ত্রিত প্রতিনিধিদলের নেতারা ভারতে আসছেন।
ব্রিকসের বর্তমান সদস্য তালিকায় রয়েছে—ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
সম্মেলনে যোগ দিতে শুক্রবারই ভারতে এসে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পুতিন পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করেন। ২০২২ সালে মস্কোর ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বাইরে কোনো ব্রিকস শীর্ষ সম্মেলনে এটিই তার প্রথম সশরীরে অংশগ্রহণ।
শুক্রবার ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিট নাগাদ নয়াদিল্লিতে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ও পুতিনের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত সপ্তাহে বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। এত কম সময়ের মধ্যে দুই রাষ্ট্রনেতার দ্বিতীয় বারের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ আগেই জানিয়েছিলেন , এই বৈঠকে পরমাণু সহযোগিতা, প্রস্তাবিত সুখোই এসইউ-৫৭ যুদ্ধবিমান এবং রাশিয়ার অশোধিত তেলের উপর মার্কিন শুল্ক ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনায় থাকবে।
সরকারি সূত্রে খবর, দুই নেতার বৈঠকে কথা হয়েছে প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে। জ্বালানি আমদানি, বাণিজ্যের অন্যান্য ক্ষেত্র ছাড়াও প্রতিরক্ষা বিষয়ে বড় চুক্তিতে আগ্রহী ভারত ও রাশিয়া। সেই মতোই ‘সুখোই এসইউ-৫৭’ যুদ্ধবিমান চুক্তির পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত সুখোই-৩০ এমকেআই (সুপার সুখোই)-এর আধুনিকীকরণ এবং আরো এস-৪০০ ট্রায়াম্ফ ও পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে বৈঠকে কথা হয়েছে। বৈঠক শুরুর আগে পুতিনকে প্রখ্যাত তামিল কবির একটি বই উপহার দেন মোদি।
উল্লেখ্য, ২০১২, ২০১৬ এবং ২০২১ সালের পর এ বার নিয়ে মোট চতুর্থবার ব্রিকস-এর আয়োজক দেশ হিসেবে সভাপতিত্ব করছে ভারত। এবারের সম্মেলনে উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থিতি বৃদ্ধির ওপর মূল জোর দেওয়া হচ্ছে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: