জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০২ এএম

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মিডিয়া সেল।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নির্ধারিত কর্মসূচি অনুসারে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৫টায় তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন।

এ উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তারা ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। পরে একই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান প্রধানমন্ত্রী।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাকে স্ত্রী-সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশ নেওয়ার বিশেষ অনুরোধ জানান। শনিবারের এ আয়োজনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর