রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিক উপায়ে সরানোর প্রক্রিয়া শুরু করা উচিত: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ‘মব কালচার’ না থাকার কথা বললেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকে মব তৈরি করে গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বাসসের সম্পাদককেও একইভাবে অপসারণ করা হয়েছে। এছাড়া নরসিংদীতে ধর্ষণের ঘটনা ও নোয়াখালীর হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ার জেরে ধর্ষণের অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনা গণমাধ্যম থেকে আড়াল করার চেষ্টা হয়েছে এবং মামলাগুলো এখনো চলমান।
তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে এখনো হামলার ঘটনা ঘটছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পরিস্থিতি শক্তিশালী থাকলে এবং মানুষ ন্যায়বিচার পেলে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতো না।
সংসদ অধিবেশন ও রাষ্ট্রপতির বিষয়ে পদক্ষেপ নিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির সময় শেষ হয়ে গেছে এবং সংবিধানসম্মত প্রক্রিয়ায় তাকে অপসারণের উদ্যোগ নেওয়া উচিত। এ ক্ষেত্রে বিরোধী দল ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
এআরএস

আপনার মূল্যবান মতামত দিন: