জাজিরায় বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬ ১৬:১১ পিএম

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে।

রবিবার (২৯ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকার হাফিজুর সিপাহীর ছেলে। অপরজন নিজামউদ্দিন মৃধা  মাদারীপুর শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তারা দুজন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থক ইব্রাহিম সিপাহীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত নিজামউদ্দিন মৃধাও মারা যান।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী বলেন, ‍‍‍ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের মরদেহ সদর হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে। 

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, দুইজন নিহতের খবর পেয়েছি। একজন শরীয়তপুর জেলার, অপরজন মাদারীপুর জেলার। তারা দুজন আওয়ামী লীগের সমর্থক বলে শুনতে পেয়েছি। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর