নাঈমকে মারধর: ক্ষোভে ফুঁসছেন ক্রিকেটাররা, বিসিবির কড়া প্রতিক্রিয়া
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে দেশের ক্রিকেট আঙিনায়। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিসিবি জানিয়েছে, ‘আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্য কর্তৃক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানি ও হেনস্থার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তার প্রতি এই অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বোর্ড। একজন জাতীয় ক্রীড়াবিদের প্রতি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’
দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আরও জানিয়েছে, তারা নাঈম ও তার পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং এই গুরুতর বিষয়টির যথাযথ সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ঘটনার রাতেই নাঈম থানায় নিজের ফোন কাছে পেয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরুকে বিষয়টি জানালে বোর্ডের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িত প্রত্যেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। ইতোমধ্যে নাঈমের সঙ্গে কথা বলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আশ্বস্ত করেছেন যে, দেশের সব ক্রিকেটার তার পাশে রয়েছে। একই সঙ্গে জাতীয় দলের ক্রিকেটাররা সহকর্মী ও সতীর্থের ওপর এমন বর্বরোচিত হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, ‘মাথা উঁচু রাখো, নাঈম। তুমি অসাধারণ একজন মানুষ। নাঈম হাসানের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাকে এমন দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে দেখাটা হৃদয়বিদারক।’
এই উইকেটকিপার ব্যাটার আরও লিখেছেন, ‘এই দেশের কোনো নাগরিকই এমন আচরণের যোগ্য নয়, বিশেষ করে একজন জাতীয় ক্রিকেটার তো নয়ই, যিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সুষ্ঠু ও যথাযথ তদন্তের এবং যত দ্রুত সম্ভব ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা করছি।’
নাঈমের পাশে থাকার বার্তা দিয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নাঈম, আমরা তোমার পাশে আছি।’
ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে চট্টগ্রামে ঘটে যাওয়া মারধর ও হেনস্তার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। একজন জাতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ ছাড়াও পেসার তাসকিন আহমেদ, স্পিনার তাইজুল ইসলামসহ আরও অনেক ক্রিকেটার নাঈমের পক্ষে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন।
এদিকে, এই ঘটনায় শনিবার সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল ও পুলিশ সোর্স সোহেলকে আসামি করা হয়েছে। অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে ইতোমধ্যেই ক্লোজড (প্রত্যাহার) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেয়ার রেকর্ডটি নাঈমের। এই অফ-স্পিনার ১৪ টেস্টে শিকার করেছেন ৪৮ উইকেট, যেখানে ফাইফারের দেখা পেয়েছেন চারবার। আর কদিন পরই তার বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে। এর আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের ক্রিকেট ভক্তদের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: